শেয়ার কেলেঙ্কারিতে সরকার সমর্থকেরাই জড়িত: হান্নান শাহ
পুঁজিবাজারে ধস ও শেয়ার কেলেঙ্কারিতে সরকারি দলের লোকজন জড়িত। আর এ জন্যই সরকার এই কেলেঙ্কারির হোতাদের নাম প্রকাশ করছে না।গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘বিদ্যুৎ সমস্যা, সমাধান ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এসব কথা বলেন।হান্নান শাহ বলেন, সরকার-সমর্থকেরাই শেয়ার কেলেঙ্কারিতে জড়িত। এ জন্য খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুই আমলে শেয়ারবাজার নিয়ে প্রায় একই ঘটনা ঘটেছে। অথচ সরকার একেবারে উদাসীন। স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন, মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থতা দেখিয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচিতে শরিক হতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রতিবেশী একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তাদের ট্রানজিটসহ সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎসহ অন্যান্য সমস্যা সমাধানে সরকারের কোনো আগ্রহ নেই।ফোরামের সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, নয়া দিগন্তর সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।