শেয়ার কেলেঙ্কারির মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় সিকিউরিটিজ কনসালট্যান্টস লিমিটেডের (এসসিএল) তিন পরিচালকের বিরুদ্ধে করা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।রায়ের অনুলিপি পাওয়ার ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার বিচারিক কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনজনের করা পৃথক আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেন। এই তিনজন হলেন, এম জি আজম চৌধুরী, এম শহীদুল্লাহ ও অধ্যাপক মাহবুব আহমেদ।রায়ে এই তিনজনের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করা হয়। বলা হয়, এ মামলার সঙ্গে জনস্বার্থ জড়িত। কে দোষী বা নির্দোষ, তা নিম্ন আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এ মুুহূর্তে মামলার কার্যক্রমের ওপর কোনো রকম হস্তক্ষেপ করা ঠিক হবে না।১৯৯৬ সালে পুঁজিবাজারের কেলেঙ্কারির ঘটনায় বেশ কয়েকটি মামলাও হয়। এর মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১৯৯৭ সালে এসসিএল এবং ওই কোম্পানির তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করে।সূত্র জানায়, ১৯৯৭ সালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এসইসির করা ওই নালিশি মামলার অভিযোগে বলা হয়, এম জি আজম চৌধুরী ও শহীদুল্লাহ ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) সদস্য। আসামিরা এসিএলের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ওই কোম্পানির ছত্রচ্ছায়ায় বেআইনিভাবে একটি সিন্ডিকেটের মাধ্যমে শেয়ার ব্যবসায় নিয়োজিত ছিলেন। ওই সিন্ডিকেটের নামে কোম্পানির ডিভিপি (ডেলিভারি ভার্সেস পেমেন্ট) লেনদেনের মাধ্যমে আড়াই কোটি টাকার লেনদেন অনিষ্পন্ন থাকে। ওই লেনদেনের কোনো তথ্য ডিএসইতে নেই। এই লেনদেন কার্যত লোকদেখানো, যার মাধ্যমে অসত্য লেনদেন দেখিয়ে অসৎ ও প্রতারণামূলকভাবে শেয়ারবাজারকে অবৈধভাবে প্রভাবিত করেছেন।