অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঋণখেলাপিরা চায় না দেশের শেয়ারবাজার চাঙা থাকুক। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুলতানা বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, যখন শেয়ারবাজার্র কার্যকর ছিল না, তখন অনেক ঋণখেলাপির সৃষ্টি হয়েছিল।অর্থমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সরকারের সময় শেয়ারবাজার ঠিকমতো কাজ করেনি বলে ঋণখেলাপির সৃষ্টি হয়েছে। তাই অনেকেই চায়, শেয়ারবাজার যেমন আছে তেমনই্রপড়ে থাকুক।অর্থমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারে এলেই শেয়ারবাজারে ধস নামে—এটা কিছুটা ঠিক। তবে শেয়ারবাজার ঠিকমতো অ্যাক্ট (কাজ) করতে দিলে ধস নামতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য যারাই ক্ষমতায় ছিল, তারা কেউ শেয়ারবাজারকে কাজ করতে দেয়নি। এ জন্য শেয়ারবাজার অগ্রসর হতে পারেনি। বিনিয়োগকারীরা কোনো ক্ষতি সহ্য করতে চান না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার অতিমূল্যায়িত হলে এর মূল্য সংশোধন হতেই পারে।শেয়ারবাজার নিয়ে চক্রান্ত চলছে বলে দাবি করে অর্থমন্ত্রী উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘গত মঙ্গলবারের বিষয়টিই ধরুন। পুঁজিবাজার বাড়ল-কমল। কিন্তু এরই মধ্যে আমার পদত্যাগ চাওয়া হলো। বাজারে গুজব রটে গেল, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেছি। এর পেছনে চক্রান্ত আছে।’শেয়ারবাজার নিয়ে চক্রান্তকারীদের ধরা হবে এবং বেনামি বিনিয়োগকারীদের খুঁজে বের করা হবে বলে তিনি সংসদকে জানান।অর্থমন্ত্রী বলেন, ‘এখন আমাদের কাছে অস্ত্র আছে। বেনামি বিনিয়োগকারীদের আমরা ধরতে পারব।’চিফ হুইপ আবদুস শহীদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বুকবিল্ডিং মেথড চালু করেছি। তবে এটা ঠিকমতো কাজ করেনি। আইনে প্রতারণা ধরার তেমন কোনো কৌশল নেই। এ জন্য নতুন আইন করা হচ্ছে।’বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যেসব ভুল করেছে, সেসবের দায়ও অর্থমন্ত্রী নিজেই স্বীকার করে নেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু এ কাজে আমি ব্যর্থ। আর এখন বুকবিল্ডিং পদ্ধতি বন্ধ থাকায় নতুন আইপিও আনা যাচ্ছে না। তবে এ মাস থেকেই আবার নতুন আইপিও আসা শুরু হবে।’পুঁজিবাজারের কারসাজি রোধ করতে সরকার নজরদারি জোরদার করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কারসাজির তদন্ত ও পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি সমন্বিত সার্ভিল্যান্স সফটওয়্যার প্রণয়নও প্রক্রিয়াধীন। সাংসদ মেহের আফরোজের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।সম্প্রতি শেয়ারবাজারের অস্থিরতা সৃষ্টিতে কোনো চক্রান্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। কারণ, কোনো তদন্ত ছাড়া চক্রান্তের বিষয়টি জানা সম্ভব নয়।রহমত আলীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ারের মূল্য হ্রাস-বৃদ্ধি পুঁজিবাজারের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে শেয়ারবাজারে মাত্রাতিরিক্ত দরপতনের কারণ হচ্ছে অতিমূল্যায়িত শেয়ারের মূল্য সংশোধন।চাহিদার তুলনায় শেয়ারের জোগানের স্বল্পতা অতিমূল্যায়ন ঘটিয়ে থাকে। ফলে একপর্যায়ে অতিমূল্যায়িত শেয়ারের মূল্য সংশোধন হয়ে থাকে।সাংসদ জহিরুল হক ভূঞার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্রোকারেজ লাইসেন্সের সংখ্যা ৩৬৫টি। এর মধ্যে ঢাকায় ২৩৮টি ও চট্টগ্রামে ১২৭টি।