শেয়ারবাজারে কারসাজি এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পেছনে বিএনপির হাত আছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ অভিযোগ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানান।প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী হরতালকে অহেতুক ও অযৌক্তিক মন্তব্য করে বলেন, বিএনপির অনেক ব্যবসায়ী খাদ্যদ্রব্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। একইভাবে শেয়ারবাজারে কারসাজির পেছনেও বিএনপির হাত ছিল। দ্রব্যমূল্য এবং শেয়ারবাজার ইস্যু করে তারা হরতাল ডেকেছে। এটা অনুচিত। এ হরতাল অযৌক্তিক।প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তাঁর প্রেস সচিব আরও বলেন, সরকার বিশ্বকাপ ক্রিকেট আয়োজন সফল করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে। বিশ্বকাপের প্রস্তুতিলগ্নে এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। বিরোধী দল হরতাল দিয়ে সরকারের কার্যক্রম ও দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের এ হরতালের কোনো যৌক্তিকতা নেই। অহেতুক মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। খাদ্যশস্য মজুদ করে বিরোধী দলের সদস্যরাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কথা বললেও হরতাল দিয়ে দরিদ্র মানুষের কষ্ট বাড়াচ্ছে। এটা তাদের বিপরীতমুখী অবস্থান।শেয়ারবাজার অস্থির করার পেছনেও বিএনপির হাত রয়েছে বলে বৈঠকে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। বৈঠক সূত্র জানায়, বিরোধী দলের হরতাল নিয়ে মন্ত্রিসভার বৈঠকে হাস্যরস হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, হরতাল থাকায় আজ পরিবেশের জন্য কোনো হুমকি নেই। গাড়িও নেই, কালো ধোঁয়াও নেই। তাই পরিবেশ ভালোই রয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব জানান, বৈঠকে বৃক্ষ সংরক্ষণ আইন, ২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও কুয়েতের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত বাংলাদেশ-কুয়েত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে এই বাণিজ্য চুক্তি করা হচ্ছে। বৈঠকে ডিজিটাল স্বাক্ষর এবং সনদ নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ডিজিটাল স্বাক্ষর ও সনদ হলে ই-কর্মাস চালু, অনলাইনে লেনদেন, সরকারের সঙ্গে যোগাযোগ সহজতর হবে।