শেয়ারবাজারে দরপতন: তিন জেলায় বিক্ষোভ
শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে এবং স্থিতিশীলতা ফেরানোর দাবিতে গতকাল সোমবার বগুড়া, পাবনায় বিনিয়োগকারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বরিশালে অনশন কর্মসূচিতে অংশ নেওয়া বিনিয়োগকারীদের তাড়িয়ে দিয়েছে পুলিশ।বগুড়া: শহরের বড়গোলায় শেয়ার কেনাবেচা-সংক্রান্ত প্রতিষ্ঠান আইসিবির কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিনিয়োগকারীরা দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিনিয়োগকারীরা বড়গোলা এলাকায় সমাবেশ করেন। পুলিশ স্থানটি ঘিরে রাখে। সমাবেশে সভাপতিত্ব করেন মুনছুর আল মোছাদ্দেকুর রহমান। বক্তব্য দেন মাহবুবুর রহমান, ইমাম এ জামান, দীপক কুমার, আজিজ আহমেদ, শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান। বক্তারা বলেন, সরকার পরিস্থিতির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে বর্তমানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।পাবনা: বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের জেলা শাখা দুপুরে প্রতীকী অনশন, মানববন্ধন ও পথসভা করেছে। শহরের আবদুল হামিদ সড়কে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে যোগ দেন। প্রতীকী অনশন ও মানববন্ধন শেষে এক পথসভার আয়োজন করা হয়। এতে বক্তারা রাজধানীতে বিনিয়োগকারীদের কর্মসূচিতে পুলিশি নির্যাতনের নিন্দা জানান। জেলা বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুলাহ আল-হাসান বলেন, সরকারের অযোগ্য কয়েকজন মন্ত্রীর কারণেই শেয়ারবাজারে দরপতন ঘটছে। পথসভায় আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন, বিনিয়োগকারী কে এম আবদুল বাতেন, মির্জা শফিকুল ইসলাম ,আয়েশা সিদ্দিকা প্রমুখ।বরিশাল : অব্যাহত দরপতনের প্রতিবাদে নগরের অশ্বিনীকুমার হলের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের গতকাল সকাল ১০টার দিকে তাড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাঁদের টানানো ব্যানার গুটিয়ে নেয় পুলিশ। গত রোববার বেলা ১১টার দিকে ৩০ জনের মতো বিনিয়োগকারী দুই দিনব্যাপী এই অনশন কর্মসূচি শুরু করেন।