বাজেটে শেয়ারবাজারের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একটি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতি নির্ভর করে শেয়ারবাজারের ওপর।গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনায় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।সিএমসিসিআইয়ের সভাপতি বলেন, কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দিলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে, দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং সরকারি কোষাগারে বিপুল রাজস্ব জমা হবে। কালো টাকায় ১০ শতাংশ কর দিয়ে সরকারি বন্ড বা ট্রেজারি বন্ডে বিনিয়োগে সরকার লাভবান হবে, কিন্তু শিল্পের বিকাশ হবে না।বাজেট পর্যালোচনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক মো. আবদুল আউয়াল, শফিক উদ্দিন, আবদুস সামাদ, শাখাওয়াত হোসেন, এম এ মালেক, জাহাঙ্গীর চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, এস এম আবদুল হাই।বাজেট পর্যালোচনায় রপ্তানিশিল্প, কৃষি ও ক্ষুদ্র ব্যবহারকারীদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারকারী শিল্প চুল্লির মালিকদের বিকল্প বিদ্যুৎ ব্যবহারে প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে তাঁদের উৎপাদিত পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়।