জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শেয়ারবাজারের নায়ক-খলনায়ক কারা, দেশের মানুষ তা জানে। এসব নায়ক-খলনায়ককে খুঁজে বের করতে হবে। জেপির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আনোয়ার হোসেন এ কথা বলেন।আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দুঃখী মানুষের লুটের টাকা ফিরিয়ে দিতে হবে। লুটেরাদের নাম আজ ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে। তাঁরা দেশ ছাড়বেন। আরেক পক্ষ বলছে, তাদের পালাতে দেওয়া হবে না। আমার আশঙ্কা হয়, উভয় পক্ষকেই দেশ ছাড়তে হবে, সেই সময় চলে এসেছে।’জেপির চেয়ারম্যান বলেন, ‘আগে জানতাম সরকারি দলের একটি আদর্শ থাকে, বিরোধী দলেরও একটি আদর্শ থাকে। দেশে এখন হালুয়া-রুটি নেই, তার পরও এবার দেখলাম, টাকা ভাগাভাগির ক্ষেত্রে দুই দল বা জোট এক হয়ে গেছে। খবর পেয়েছি এরশাদ সাহেবও এর ভাগ চান এবং কিছু পেয়েছেনও।’এরশাদের স্ববিরোধী রাজনীতির সমালোচনা করে জেপির চেয়ারম্যান বলেন, ‘তিনি (এরশাদ) আজও একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন ১০০ বছর জেল দিলেও আর মহাজোটে যাব না। আবার গুরুত্বপূর্ণ বৈঠকের দাবি করে মামলা প্রত্যাহারের তদবির করেন, মহাজোটকে সুসংহত করার ঘোষণা দেন। এ ধরনের দ্বিমুখী রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’