শেয়ারবাজারের বিপর্যয় নিয়ে কথা বললেন জলিল ও আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের বিপর্যয় আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সরকারি দলের জ্যেষ্ঠ দুই সাংসদ আব্দুল জলিল ও আমির হোসেন আমু।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুুল জলিল বলেন, ‘ছিয়ানব্বই সালে শেয়ারবাজারের বিপর্যয়ের ফল আমরা হাতেনাতেই পেয়েছিলাম।’ আমির হোসেন আমু বলেন, ‘শেয়ারবাজার সরকারের সব অর্জন ব্যর্থ করে দিয়েছে।’ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী।আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী যখন প্রতি পরিবারের একজনকে চাকরি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তখন চাকরি না পেয়ে অনেকেই বেঁচে থাকার তাগিদে সামান্য অর্থ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। যাঁরা তাঁদের সর্বস্বান্ত করেছেন, তাঁরা যতই ক্ষমতাবান হন, তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে তাঁরা শেয়ারবাজার নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন।আব্দুল জলিল আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা অর্জন করা কঠিন। ব্যর্থ হলে সরকারকে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে। এতে বেসরকারি খাতের ঋণ পেতে সমস্যা হবে এবং বাজেট প্রস্তাব অনুযায়ী মূল্যস্ফীতি সাড়ে সাত কেন, আটেও ধরে রাখা কঠিন হবে।প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ব্যাপারে সংশয় প্রকাশ করে আমির হোসেন আমু বলেন, সরকারের সবই ভালো, শুধু একটি জিনিস খারাপ। সেটা হলো শেয়ারবাজার। এই একটি কারণে সরকারের সব অর্জন ব্যর্থ হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করা দরকার।একই দলের আসাদুজ্জামান নূর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে বলেন, এতে যাঁরা কষ্ট করে কর দেন, তাঁদের প্রতি সুবিচার হয় না। বিশেষত, ঢাকা শহরের বাসাভাড়া খাতে মধ্যবিত্তের আয়ের অর্ধেক, এমনকি তিন-চতুর্থাংশ পর্যন্ত ব্যয় করতে হয়। হয়তো এলাকার ভিত্তিতে বর্গফুট ধরে একটা ভাড়া ঠিক করে রাখা আছে। কিন্তু এগুলো কেউ মানেন না। সরকারের উচিত, বাড়িভাড়ার সুনির্দিষ্ট নীতিমালা করে তা যথাযথ বাস্তবায়ন করা। বাজেট আলোচনায় অন্যদের মধ্যে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ স ম ফিরোজ, জাহিদ আহসান রাসেল, আ ক ম মোজাম্মেল হক, মারুফ সাকলান প্রমুখ অংশ নেন।