তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামি ব্যাংক) শেয়ার বাজেয়াপ্ত করা-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ গত বুধবার এ রায় দেন। ২০০৭ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের ১৩ জন শেয়ারধারীর ৭০ শতাংশ শেয়ার বাজেয়াপ্ত করে। ব্যাংক কোম্পানি আইনের ১৪ (ক) ধারা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, নামে-বেনামে এই ৭০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন ওরিয়েন্টাল ব্যাংকের মালিক ওবায়দুল করিম। ওই বাজেয়াপ্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে ব্যাংক কোম্পানি আইনে মামলা করেন ১৩ জন শেয়ারধারীর মধ্যে ছয়জন। তাঁরা হলেন: মেহেদী হাসান, সালমান করিম, নিয়াজ আহমেদ, রেজাউল করিম এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও প্রডেন্সিয়াল সিকিউরিটিজ লিমিটেড। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও মোতাহার হোসেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রায়ে বলা হয়, ওই ছয়জন আবেদনকারীর শেয়ার বাজেয়াপ্ত করার কোনো যুক্তিসংগত কারণ ছিল না। কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁদের শেয়ারগুলো বাজেয়াপ্ত করেছিল বাংলাদেশ ব্যাংক। তাঁরা নিজেরাই শেয়ারের মালিক। বাংলাদেশ ব্যাংক এমন কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেনি যে শেয়ারগুলোর মালিক ওবায়দুল করিম। তাই আইনানুয়ায়ী বাজেয়াপ্তের আদেশ অবৈধ ঘোষণা করা হলো। আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, এ রায়ের ফলে ওই ছয়জন প্রায় ২৬ শতাংশ শেয়ারের মালিকানা ফিরে পেলেন।