শেয়াল মারার বিদ্যুতের ফাঁদে বাপ-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শসার খেতে শেয়ালের উত্পাত বড্ড বেড়েছে। উপায়ান্তর না পেয়ে শসার খেতে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারা ফাঁদ পাতা হয়। শেয়াল নয়, সেই ফাঁদে পড়ে ওই খেতের কৃষক ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মারা গেছেন বিমল চন্দ্র বর্মণ (৫২) ও তাঁর ছেলে বিধান চন্দ্র বর্মণ (২৬)।

গ্রামবাসীর বরাতে স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক বলেন, গ্রামের পাশের জমিতে শসা চাষ করেছেন বিমল। শেয়াল যাতে শসা খেতে না পারে, সে জন্য ওই জমির চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করেন তিনি। রাতভর ওই ফাঁদে বিদ্যুতের সংযোগ দিয়ে সকালে তা খুলে রাখা হতো। গতকাল রাতে শেয়াল মারার ফাঁদে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। কিন্তু আজ সকালে ভুল করে বিদ্যুতের সংযোগ না খুলেই জমিতে শসা তুলতে যান বিমল। একপর্যায়ে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে বিধানও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়েন। দুজনই ঘটনাস্থলে মারা যান।

ইউপি সদস্য এমদাদুল হক জানান, অত্যন্ত বিপজ্জনক হলেও শেয়ালের অত্যাচার থেকে ফসল রক্ষায় এলাকার অনেক কৃষক তাঁদের খেতে বিদ্যুতের ফাঁদ তৈরি করে রেখেছেন।

বাবা-ছেলের মৃত্যুর তথ্যের সত্যতা স্বীকার করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ দুটি ঘটনাস্থলে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া এ ধরনের দুর্ঘটনা রোধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।