শেয়ালের কামড়ে ১৫ জন আহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল, কারংকা, দাউদপুর, কেউটি ও নোয়াগাঁও গ্রামে গত এক সপ্তাহে শেয়ালের কামড়ে ১৫ জন আহত হয়েছে।এতে এলাকাবাসীর মাধ্যে আতঙ্ক বিরাজ করছে। শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন বিকেল হলেই লাঠিসোঁটা নিয়ে চলাফেরা করছে।এলাকাবাসী জানান, শেয়ালের কামড়ে এক সপ্তাহে বানাইল গ্রামের অরবুলা আক্তার, রফিকুল ইসলাম; কারংকা গ্রামের আশফাকুল, রবিকুল; নোয়াগাঁও গ্রামের রহিছ মিয়া; কেউটি গ্রামের মামুনসহ ১৫ জন আহত হয়েছে। শেয়াল ছয়টি গরু, আটটি ছাগল ও চার-পাঁচটি কুকুরকেও কামড় দিয়েছে। সাধারণত বিকেল চারটা থেকে সন্ধ্যার মধ্যে শেয়াল আক্রমণ করছে।বানাইল গ্রামের বাসিন্দা মো. রেহান উদ্দিন ভূঁইয়া (৪৫) বলেন, ‘শেয়ালের ভয়ে বিকেল হতেই লাঠি নিয়ে চলাফেরা করছি।’ রাউতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘শেয়াল যাদের কামড় দিয়েছে, তাদের অধিকাংশই গরিব মানুষ। দ্রুত ও স্বল্পমূল্যে টিকা না পাওয়ায় এসব মানুষ পড়েছে বেকায়দায়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মো. আবুল কালাম বলেন, শেয়ালের কামড়ে অবশ্যই এন্টি রেভিস ভ্যাকসিন নিতে হবে।