শৈত্যপ্রবাহ ছড়াচ্ছে সারা দেশে
সারা দেশে আবারও শীত জেঁকে বসেছে। গত বুধবার দিবাগত রাত থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ গতকাল শুক্রবার ঢাকা বিভাগেও ছড়িয়ে পড়েছে। ক্রমান্বয়ে এটি চট্টগ্রাম বিভাগেও ছড়িয়ে পড়তে পারে।আবহাওয়া অফিস জানায়, গতকাল পুরো উত্তরাঞ্চল এবং বরিশাল, খেপুপাড়া, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, টাঙ্গাইল ও ফরিদপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এর মধ্যে যশোরে তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি। আজ তা আরেকটু কমতে পারে। শৈত্যপ্রবাহটি শুরুর পরদিন গত বৃহস্পতিবার রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের বেশ কিছু স্থানের তাপমাত্রা ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। ফলে সকাল থেকে এসব স্থানে কাঁপন ধরানো শীত পড়ে। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে হিমেল হাওয়ার দাপট যোগ হওয়ায় শীতের কামড় জোরদার হয়।কর্তব্যরত আবহাওয়াবিদেরা জানান, সাইবেরিয়া থেকে আসা শীতল বায়ুপ্রবাহের কারণে বাংলাদেশে তাপমাত্রা কমে আসে। ওই বায়ুপ্রবাহ বাংলাদেশের ওপর ব্যাপকভাবে বিস্তৃত হলে শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়। বর্তমানে ওই শীতল বায়ুপ্রবাহ দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল হয়ে মধ্যাঞ্চলেও বিস্তৃত হয়েছে। ক্রমে তা দেশের সর্বত্র বিস্তৃত হতে পারে।আবহাওয়া অফিসের গতকালের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্র এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে। ক্রমে তা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দেশের সব নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।বিভাগীয় শহরগুলোর মধ্যে গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৯ দশমিক ৬ এবং ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি। রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০ ও ৯ দশমিক ৪ ডিগ্রি। রংপুরে ছিল ১৯ ও ৯ দশমিক ৬ ডিগ্রি। খুলনায় ২১ দশমিক ২ ও ১০ দশমিক ২ ডিগ্রি। বরিশালে ২০ দশমিক ৭ ও ৯ দশমিক ৬ ডিগ্রি এবং সিলেটে ছিল ২১ ও ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজ শনিবার সর্বত্র এই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।