শৈত্যপ্রবাহ শেষের পথে
মাঘ মাসের মাঝামাঝি এসে শীত তো দূরে থাক, কোথাও কোথাও গরম অনুভব হচ্ছে। রাজধানীতে রাতে শীত কমেছে, আর দিনে রীতিমতো হাঁসফাঁস গরম লাগছে। দেশের উত্তরাঞ্চল ও শ্রীমঙ্গল ছাড়া বাকি এলাকার আবহাওয়ার প্রায় একই অবস্থা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, গত এক সপ্তাহে দেশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রায় শেষের পথে। দেশের প্রায় সর্বত্রই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। নদীতীরবর্তী এলাকায় ঘন ও দেশের বাকি এলাকায় মৃদু থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
কৃষিবিদেরা বলছেন, এই সময়টা বোরো ধান লাগানোর মৌসুম। গ্রামে মাঠে মাঠে আলু, শীতকালীন সবজি ও সরিষা বড় হচ্ছে। শীত, বৃষ্টি আর রোদের মিশেল ওই ফসলের চেহারা পুষ্ট করবে। ফলনও ভালো হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস প্রথম আলোকে বলেন, এবারের শীতে আবহাওয়া যতটুকু বিরূপ হয়েছে, তা মোকাবিলা করার সামর্থ্য বোরো ধানের রয়েছে। আর শীত, বৃষ্টি ও সামান্য গরম আলু ও সবজির জন্য ভালো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে দেশের কোথাও বোরো ধান ও বীজতলার কোনো ক্ষতির খবর আসেনি। দেশের অর্ধেকেরও বেশি জমি থেকে আলু উত্তোলন শেষ। বাকি জমি থেকে আলু উত্তোলন চলছে।
গতকাল শুক্রবার দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, নওগাঁ ও রাঙামাটির বেশ কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এসব এলাকায় আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, শীতের তীব্রতা কমছে। আগামী দু-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, দু-এক দিন পর দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে দেশের দক্ষিণাঞ্চলের দু-তিনটি জেলায় বৃষ্টি হয়েছে। মংলা, পটুয়াখালী ও খুলনায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
রাজধানীতে গতকাল সকালের পর থেকে ঝকঝকে রোদের দেখা মিলেছে। তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।