শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা, কনকনে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে ঘন কুয়াশায় ছেয়ে আছে দেশ। তাপমাত্রা কমে গিয়ে কনকনে শীত পড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-বিএমডি জানিয়েছে, আজ বৃহস্পতিবার দিনের যেকোনো সময় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দমমিক ৩। আজ এই তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএমডি। গত এক সপ্তাহে সেখানকার তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গত বছরের জানুয়ারিতে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

বিএমডির পূর্বাভাসে জানানো হয়, আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ দশমিক ৩ ডিগ্রি। এ ছাড়া রাজশাহীতে ৭, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪, ইশ্বরদীতে ৭ দশমিক ৮ ও বরিশালে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

গত রাত থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএমডি। তাদের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি বরিশাল-রংপুর বিভাগসহ সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, হাতিয়া, রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।