শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, তিন জেলায় আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা দিনই হিমেল হাওয়া বইছে, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র শীতে খেটে খাওয়া লোকজন কাজের সন্ধানে বের হতে পারছে না।শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে চারজন, বগুড়ার আদমদীঘিতে তিনজন ও সিরাজগঞ্জের তাড়াশে একজন মারা গেছে। এর মধ্যে দুই নবজাতকও রয়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি থেকে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করেছে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: গঙ্গাচড়া উপজেলার তিস্তার তীরবর্তী কোলকোন্দ ইউনিয়নের মানুষ শীতে কাহিল হয়ে পড়েছে। আতিয়ার রহমান (৪৯) বলেন, ‘এবার শীত আরও বেশি। হামরা মরি গেইলেও হামার খবর কায়ও নেয় না।’ বাঁধে আশ্রিত শমসের মিয়া (৪২) বলেন, ‘শীতের কারণে কাজও কইরবার পাইতোছি না।’ ১৫ দিন আগে জেলা প্রশাসনের পক্ষ আট উপজেলার জন্য ৫০০টি করে কম্বল পাঠানো হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, মাত্র ৫০০ কম্বল বিতরণ করতে গিয়ে শীতার্ত অসহায় মানুষের রোষানলে পড়তে হয়েছে।দিনাজপুর: এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। বেলা ১১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে বাস, ট্রাক, কার ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরে নেমে আসছে সুনসান নীরবতা।কুড়িগ্রাম: এক সপ্তাহ ধরে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশায় চারদিক ঢাকা থাকে। জেলার লক্ষাধিক দরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার জেলায় তাপমাত্র ৭ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতজনিত নানা রোগে গত শুক্রবার জেলায় চারজন মারা গেছে। তাঁরা হলেন সদর উপজেলার পাঁছগাছি ইউনিয়নের ফরাজিপাড়ার আজগার মুন্সি (৯০), পৌরসভার কৃষণপুর গ্রামের হাবিবুর রহমান (৬৭) এবং হোসেন খাঁপাড়ার দুই নবজাতক মারা গেছে।সিরাজগঞ্জ: গত শুক্রবার শীতজনিত কারণে তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ঠেলামিয়া (৬৫) মারা গেছেন। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি। এ পর্যন্ত সরকারিভাবে সাড়ে চার হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শৈত্যপ্রবাহের ফলে সরিষা গাছে পোকার আক্রমণ দেখা দিয়েছে।চুয়াডাঙ্গা: ১০ দিন ধরে তীব্র ঠান্ডা, কনকনে হাওয়া, আর ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশায় মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। এ সময়ে তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি থেকে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করেছে। এর মধ্যে পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত বৃহস্পতিবারও চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম চলমান শৈত্যপ্রবাহকে মাঝারি শৈত্যপ্রবাহ বলে দাবি করেছেন। গত ১৯ নভেম্বর ঢাকা থেকে পাওয়া এক হাজার কম্বল গত ৬ ডিসেম্বর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।গাইবান্ধা: শুক্রবার থেকে শীত বেড়ে যাওয়ায় জেলার ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিশাল চরাঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পুরোনো শীতবস্ত্র কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুস্থ ও দরিদ্র লোকজন শীতের আকস্মিক আক্রমণে অসহায় হয়ে পড়েছেন।আদমদীঘি (বগুড়া): অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত পশ্চিম বগুড়ার এ উপজেলা ও আশপাশের এলাকায় এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। বুধবার রাতে উপজেলার তিন গ্রামে দুই বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শীতজনিত নানা রোগে তাঁরা মারা গেছেন। তাঁরা হলেন ডালম্বা গ্রামের মমতাজ বেওয়া (৭২), পুসিন্দা-কোলাদীঘি গ্রামের মেহেরুন নেছা (৮০) ও হলুদঘর গ্রামের ছহির উদ্দিন (৫৮)।