শৈথিল্য বা পক্ষপাতিত্ব বরদাশত করব না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছি। এতে কোনো ধরনের শৈথিল্য বা পক্ষপাতিত্ব বরদাশত করব না। নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল মঙ্গলবার রাত নয়টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। আজ বুধবার সারা দেশে ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি জানাতেই তিনি এই ব্রিফিং করেন।
সিইসি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশন বিশ্বাস করে, উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও চান তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্ভয়ে ভোট দিতে আসেন। যাঁকে খুশি তাঁকে ভোট দেন।’
‘আমরা কোনো অন্যায় কাজ করি না’ উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা বিএনপি, আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী বাছবিচার করছি না। করবও না। আইন মোতাবেক সোজা পথে থাকব।’
গতকাল আওয়ামী লীগের প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে অভিযোগ করে, কমিশন আওয়ামী লীগের প্রতি ‘বিমাতাসুলভ’ আচরণ করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চাই না।’
গতকাল বিএনপির প্রতিনিধিদলও সিইসির সঙ্গে দেখা করে। তারা লক্ষ্মীপুরের রায়পুরের এক প্রার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে। এ অভিযোগ প্রসঙ্গে ব্রিফিংয়ে সিইসি বলেন, অভিযোগ সম্পর্কে তখনই খোঁজ নেওয়া হয় এবং ওই প্রার্থী বাসাতেই ছিলেন তা বিএনপির প্রতিনিধিদলকে জানানো হয়েছে।
কাজী রকিবউদ্দীন বলেন, কমিশন যা পরিকল্পনা করেছিল, তার চেয়েও বেশি হারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি মোতায়েন করা হয়েছে।