শৈবাল মিলল কুয়াকাটায়
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত এলাকায় বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন একধরনের সামুদ্রিক শৈবাল পাওয়া গেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মোহাম্মদ আশরাফুল কুয়াকাটা এবং এর আশপাশ এলাকায় ওই শৈবালের সন্ধান পান।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পটুয়াখালীর খেপুপাড়া নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল বলেন, তিন-চার দিন ধরে কুয়াকাটা সৈকত এবং এর আশপাশ গঙ্গামতী খালের মোহনা, হাজিপুর ফেরিঘাট এলাকা, আন্ধারমানিক নদীর বালিয়াতলী ও চারিপাড়া এলাকায় ঘুরে বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন এক প্রজাতির প্রচুর সামুদ্রিক শৈবালের সন্ধান পেয়েছেন তিনি। সৈকত-সংলগ্ন জোয়ার-ভাটা এলাকায় পানির নিচে এই শৈবাল জন্মায়। কুয়াকাটায় এ ধরনের শৈবাল পাওয়ার ঘটনা এটাই প্রথম। শৈবালের নমুনা এখন গবেষণাগারে সংরক্ষিত রয়েছে। এটি ‘হিপনিয়া’ প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।
সামুদ্রিক শৈবাল ভালো খাদ্যমান ও ঔষধিগুণসম্পন্ন। এ ছাড়া এগুলো প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ, যা মানুষের বুদ্ধিমত্তা বিকাশে সাহায্য করে। পাশাপাশি এগুলো পুষ্টিহীনতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গলগণ্ড, পেটের পীড়া, ক্যানসারসহ নানা রোগের প্রতিরোধক হতে পারে বলে জানান তিনি।
মোহাম্মদ আশরাফুল আরও বলেন, দেশের বিশাল সমুদ্রসীমা অত্যন্ত উর্বর এবং এখানে জলজ, মৎস্য, সামুদ্রিক শৈবালসহ প্রচুর সামুদ্রিক সম্পদ আছে। সামুদ্রিক জীববৈচিত্র্য নবায়নযোগ্য হওয়ায় বিজ্ঞানভিত্তিক টেকসই প্রযুক্তির ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এসব সম্পদ ব্যবহার করা সম্ভব। সাধারণত শিলা, বড় পাথর, প্রবাল, শামুক-ঝিনুক-পলিকিটের খোসা, বাঁশ, রশি, প্যারাবনের গাছ-শিকড়, মরা গাছের গুঁড়ি, গাছের ডালপালা, শক্ত মাটি কিংবা অন্য যেকোনো শক্ত বস্তুর ওপর সামুদ্রিক শৈবাল জন্মে। বিএফআরআইয়ের উদ্ভাবিত সামুদ্রিক শৈবাল চাষ প্রযুক্তি এবং এর ব্যবহার পদ্ধতি সম্প্রসারণ করা গেলে তা বাংলাদেশের উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর একটি বিকল্প আয়ের উৎস হতে পারে।