শৈলকুপা ও দাকোপে গুলিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাছুদ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একটি ডাকাতি মামলায় দুই মাস কারাগারে থাকার পর গত মঙ্গলবার বিকেলে তিনি জামিনে মুক্তি পান। ওই রাতেই অপহরণের পর দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার পর ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে মির্জাপুর এলাকার একটি মাঠে রেখে যায়। গতকাল বুধবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এদিকে মঙ্গলবার রাতে খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের গাজী ফিস কোম্পানিতে মাছ চুরি করতে গিয়ে নিজাম হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, মাছুদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। একটি ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে জামিনে মুক্তি পেয়ে তিনি জেলা কারাগার থেকে বের হন। গতকাল সকালে মির্জাপুর এলাকার একটি মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সকাল ১০টায় পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মাছুদ শৈলকুপা উপজেলার দোহারা-হাকিমপুর গ্রামের আবদুল গফুর বিশ্বাসের ছেলে।দাকোপ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চার-পাঁচজন ব্যক্তি মাছ চুরি করার জন্য কৈলাশগঞ্জ ইউনিয়নের গাজী ফিসের কার্যালয়ের পুকুরে নামেন। এ সময় সেখানকার পাহারাদারেরা ফাঁকা গুলি ছোড়ে। গুলিতে নিজাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। নিজাম লাউডোব ইউনিয়নের লাউডোব গ্রামের মোবারক হাওলাদারের ছেলে। গাজী ফিস কোম্পানির নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মাছ ধরার জন্য তাঁদের একটি পুকুরের পানি শুকানো হচ্ছে। মঙ্গলবার রাত তিনটার দিকে চার-পাঁচজন চোর ওই পুকুরে নামে। এই সময় পাহারাদারেরা ফাঁকা গুলি করে। রাতের আঁধারে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একজনের পেটে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।গতকাল দুপুরে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।