শৈলকুপার বাজারে নয় ঘণ্টা ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে পশুর হাট বসানোকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই নির্দেশ বলবত্ থাকে। এলাকাবাসী জানান, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাবদার হোসেন মোল্লা ও তাঁর লোকজন গাড়াগঞ্জ বাজারের গুচ্ছগ্রাম এলাকায় একটি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়। তবে গাড়াগঞ্জ বাজারের আশপাশে আরও দুটি পশুর হাট রয়েছে। সরকার হাট দুটি থেকে প্রতিবছর কয়েক লাখ টাকা রাজস্ব পায়। ইজারা নেওয়া হাটের পাশে নতুন হাটের ঘোষণায় ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। তাঁরা নতুন ওই হাট বসতে দেবেন না বলে ঘোষণা দেন। সহিংসতার আশঙ্কায় বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গতকাল সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন ছিল।