শৈলকুপার ২৯ গ্রামে বিদ্যুৎ নেই সাত দিন

ঝড়ে বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপার দুটি ইউনিয়নের ২৯টি গ্রামে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। এতে দুর্ভোগে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী ও কৃষকেরা।
৬ এপ্রিল শৈলকুপার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে ৫ নম্বর কাঁচেরকোল ও ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ে। এতে দুটি ইউনিয়নের ৩৫টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে ২৯টি গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, তাঁর ইউনিয়নের ২১টি গ্রামের কোনো গ্রামেই বিদ্যুৎ আসেনি। ঝড়ে বিদ্যুৎ লাইনের অনেকগুলো খুঁটি ভেঙে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাড়াবান্দের বিল এলাকায় বেশি খুঁটি ভেঙে পড়েছে।
কাঁচেরকোল ইউপির চেয়ারম্যান মামুন জোয়ার্দার জানান, তাঁর ইউনিয়নের ১৪টি গ্রামের মধ্যে ছয়টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ চালু করতে পেরেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার চারটি গ্রাম ও শনিবার দুই গ্রামে বিদ্যুৎ আসে। এখনো আটটি গ্রামে বিদ্যুৎ নেই।
বিদ্যুৎ না আসায় দুর্ভোগে পড়েছে পরীক্ষার্থী ও কৃষকেরা। বিদ্যুৎ না থাকায় সারুটিয়ার মৌকুড়ি গ্রামের বাবুল আক্তার তাঁর ২৫ বিঘা জমির বোরো ধানের খেতে সেচ দিতে পারছেন না। আর সেচের অভাবে ধানখেত শুকিয়ে যাচ্ছে। ছোট মৌকুড়ি গ্রামের হাফিজুল ইসলামের দুই বিঘা জমির ধানখেত শুকিয়ে গেছে।
সারুটিয়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী পলাশ মিয়া জানায়, বিদ্যুতের অভাবে সে ঠিকমতো পড়ালেখা করতে পারছে না।
সারুটিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মসলেহ উদ্দিন তুহিন জানান, দুটি ইউনিয়নে প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। সেগুলো পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিভাগের শৈলকুপা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রবিউল হক জানান, শুধু পোল পড়েছে তা নয়, তারগুলোও ছিঁড়ে পড়েছে। বিদ্যুৎব্যবস্থা ঠিক করতে তাঁরা দ্রুত কাজ করে যাচ্ছেন।