শৈলকুপায় আ.লীগ নেতা ও রূপসায় যুবক খুন
ঝিনাইদহের শৈলকুপায় ইদ্রিস আলী ওরফে ইদু নামের আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা উপজেলার ফুলহরি গ্রামে তাঁর বাড়ির পাশে তাঁকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায়। একই দিনে খুলনার রূপসায় ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।ঝিনাইদহে নিহত ইদ্রিস আলী ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, ইদ্রিস আলী রাতে তাঁর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। রাত একটার দিকে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্বজনেরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত তিনটার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। খুলনার রূপসা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগ শেখ রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে পূর্ব রূপসা ব্যাংক মোড়ে পৌঁছালে এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় সোহাগের বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করেন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।সোহাগের ভাই খালেদুর রহমান বলেন, একটা ফোন পেয়ে সোহাগ বাড়ি থেকে বের হয়ে যান। পূর্ব রূপসা ব্যাংক মোড়ে বাপ্পী নামের একজন তাঁকে ছুরিকাঘাত করেন। রূপসা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সোহাগ ও বাপ্পী দুজনেই চেয়ারম্যান মোস্তফা কামালের লোক। তাঁদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে সিরাজ মেডিকেলের সামনে বাপ্পী সোহাগকে ছুরিকাঘাত করেন। তাঁর ভাই খালেদুর রহমান বাপ্পী মল্লিক ও দবির শেখের নামে থানায় হত্যা মামলা করেছেন।