শৈলকুপায় আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, প্রচারণায় হামলা এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মো. খলিলুর রহমান। গতকাল সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। শৈলকুপা পৌর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
খলিলুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবসহ একদল সন্ত্রাসী গত রোববার অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁর (খলিলুর) মোটরসাইকেল ভাঙচুরসহ কয়েকজনকে আহত করে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাঁরাও পক্ষপাতিত্ব করছেন।
এ ব্যাপারে কাজী আশরাফুল আজম বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী নানা মিথ্যা প্রচার চালাচ্ছেন। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দিদারুল আলম বলেন, খলিলুর রহমানের অভিযোগ ঠিক নয়।