শৈলকুপায় আলোচনার কেন্দ্রে পৌর কবরস্থান
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ভোটের মাঠে সবচেয়ে আলোচিত বিষয় পৌর কবরস্থান। পৌরসভা কর্তৃপক্ষ গত পাঁচ বছর কবরস্থান নির্মাণের জন্য লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করেছে। কিন্তু আজও কবরস্থান নির্মাণ করা হয়নি। এমনকি জায়গাও নির্ধারিত করা হয়নি।
পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উত্তোলন করা টাকা ব্যাংকে জমা রাখা আছে। কিন্তু কবরস্থান নির্মাণ করতে যে টাকার প্রয়োজন পাঁচ বছরেও সেই পরিমাণ টাকা জমা হয়নি। যে কারণে তারা নির্মাণ করতে পারেনি। তবে ভোটারদের অভিযোগ, অদৃশ্য কবরস্থানের কথা বলে এভাবে টাকা আদায় করা ঠিক হয়নি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে এবার মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, সাবেক মেয়র বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা, স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান খান।
এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা এলাকায় পৌর কবরস্থান নির্মাণ হবে শুনে তাঁরা খুশি হয়েছিলেন। কাজী আশরাফুল আজম মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতিও দেন। এই কবরস্থান নির্মাণের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকাও আদায় শুরু করেন। কোনো নাগরিক সুবিধা পেতে পৌরসভায় গেলেই কবরস্থানের জন্য তাঁদের চাঁদা দিতে হয়েছে। তাঁরা প্রথম দিকে খুশি হয়ে টাকা দিয়েছেন। কিন্তু বছরের পর বছর কবরস্থান নির্মাণ না করে টাকা নেওয়ায় তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এখন টাকা চাইলে তাঁদের কষ্ট হয়। এভাবে কবরস্থানের কথা বলে টাকা নেওয়া ঠিক হয়নি।
আনিছুর রহমান নামের এক ভোটার বলেন, যেকোনো কাজের জন্য পৌরসভায় গেলেই তাঁদের কবরস্থানের জন্য ৫০ টাকা করে দিতে হয়েছে।
শহরের থানা রোডের কার্তিক ট্রেডার্সের মালিক কার্তিক সাহা বলেন, কবরস্থানের টাকা দেওয়ার সময় তাঁরা আপত্তি করেছিলেন, কিন্তু কাজ হয়নি। তিনি ২০১৪ সালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলেন। এই কাজে ট্রেড লাইসেন্স বাবদ তাঁকে ২০০ টাকা জমা দিতে হয়েছে। আর কবরস্থানের জন্য দিতে হয়েছে ৫০ টাকা। তিনি আরও বলেন, এই টাকা দেওয়ার সময় দাবি করেছিলেন শ্মশান প্রতিষ্ঠার চিন্তা করা হোক। কিন্তু কর্তৃপক্ষ সেটা মানেনি।
এ ব্যাপারে কাজী আশরাফুল আজম বলেন, কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকার জোগাড় করতে না পেরে নির্মাণ করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে করা হবে। এই টাকা কারও কাছ থেকে জোর করে নেওয়া হয়নি। নাগরিকেরা খুশি হয়ে দিয়েছেন। এই টাকা ব্যাংকে জমা আছে। কত টাকা জমা আছে জানতে চাইলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।