ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ–বিচ্ছিন্ন
শৈলকুপায় কালবৈশাখীতে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত
ঝিনাইদহের শৈলকুপায় কালবৈশাখীতে ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের আঘাতে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ধারণা করছেন।
ঝড়ের কারণে বৈদ্যুতিক খঁুটি উপড়ে পড়ায় উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন। কয়েকটি গ্রামের রাস্তায় গাছ পড়ে যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বুধবার রাত দুইটার দিকে উপজেলায় কালবৈশাখী আঘাত হানে। প্রায় ৪০ মিনিট ধরে চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ের আঘাতে শৈলকুপা পৌরসভা, ত্রিবেণী, মির্জাপুর, কাঁচেরকোল, দিগনগর ও সারুটিয়া ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এ সময় পাঁচ শতাধিক কাঁচা ও পাকা বাড়িঘর বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন আহত হন।
ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধানখেত মাটির সঙ্গে মিশে গেছে। কয়েক শ হেক্টর জমির কলাগাছ ভেঙে পড়েছে। পানের বরজ ও সবজিখেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।
এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছেন। গত ৫০ বছরের মধ্যে এলাকার মানুষ ঝড়ের এমন তাণ্ডব দেখেননি বলে জানিয়েছেন অনেকে। সবচেয়ে বেিশ
ক্ষতিগ্রস্ত হয়েছে পদমদী, শেখপাড়া, রতিডাঙ্গা, বোয়ালিয়া, আনন্দনগর, ভদ্রডাঙ্গা, শ্রীরামপুর, বসন্তপুর, নিশ্চিন্তপুর, তমালতলা ও শিতলীডাঙ্গা গ্রাম।
বোয়ালিয়া গ্রামের সম্রাট মিয়া জানান, এক লাখ টাকা খরচ করে তিনি পানের বরজ করেছেন। ঝড়ে সেটি মাটির সঙ্গে মিশে গেছে। তার এই ক্ষতি সামাল দেবার কোনো সামর্থ্য নেই।
পদমদী গ্রামের আবু সাঈদ জানান, তার দুই বিঘা জমির কলাগাছ সব ভেঙে পড়েছে। তার বাড়িটিও মাটির সঙ্গে মিশে গেছে। শেখপাড়া ডিএম কলেজের প্রভাষক মাসুদুজ্জামান জানান, তঁাদের কলেজের একটি টিনশেড ভবন উড়ে গেছে। বর্তমানে তাদের
কলেজে পরীক্ষা চলছে।
এই ঝড়ের কারণে পরীক্ষা নেওয়া কষ্টকর হবে।
স্থানীয় দিগনগর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শুধু তঁার ইউনিয়নেই দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এলাকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ঝড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ঝড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার এখনো নিরূপণ সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে
নগদ টাকা, চাল ও টিন সহায়তা দেওয়া হয়েছে।