শৈলকুপায় কুমার নদ দখল করে পাড় ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু তুলে পাড় ভরাট করছেন স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি। পাড় দখল করে সেখানে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন নদের ভেতর থেকে পিলার ওঠাচ্ছেন, আরেকজন বালু উঠিয়ে জায়গা ভরাট করছেন। ভূমি কার্যালয় ও স্থানীয় লোকজন বলছেন, যে স্থানটি ভরাট করা হচ্ছে, সেটি কুমার নদের জায়গা। নদের তলদেশ থেকে বালু তোলায় আশপাশের বাড়িঘর ঝুঁকির মুখে পড়ছে। অবশ্য ওই দুই ব্যক্তি দাবি করেছেন, এটা তাঁদের মালিকানাধীন জমি। নদের গতিপথ পরিবর্তন হওয়ায় তাঁদের জায়গায় পানি দেখা যাচ্ছে। এখন সেই স্থানে বাড়ি করতে গেলে ভরাট করা ছাড়া কোনো উপায় নেই। গত ২৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, শৈলকুপা শহরের নগরপাড়া এলাকায় কুমার নদের উত্তরপাড় বালু দিয়ে ভরাটের কাজ চলছে। নদের মধ্যে খননযন্ত্র বসিয়ে তোলা হচ্ছে বালু। বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক দুর্লভ মণ্ডল জানান, জনৈক আবদুর রাজ্জাক তাঁদের এই কাজে নিয়োগ করেছেন। আর যে স্থান ভরাট করা হচ্ছে, সেটি শফিকুল ইসলাম ও হানিফ মোল্লার। তাঁরা দুজনে আবদুর রাজ্জাকের মাধ্যমে জায়গাটি ভরাট করছেন।স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, যে স্থান বালু দিয়ে ভরাট করা হচ্ছে, সেটি নদের জায়গা। বর্ষায় সেখানে ১৫-২০ ফুট পানি থাকে। নদের ভেতর থেকে বালু ওঠানোয় পাশের বাড়িঘর পড়ছে হুমকির মুখে। নদের তলদেশ গর্ত হওয়ায় পাশের এলাকা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলাম জানান, জায়গাটি তিনি সম্প্রতি একই এলাকার হাসান আলীর কাছ থেকে কিনেছেন। আর পাশের অংশ নিয়েছেন হানিফ মোল্লা। সেখানে তাঁরা বাড়ি করবেন। জায়গাটি তাঁরা দখল করেননি বলে দাবি করেন। বালি ওঠানো প্রসঙ্গে তিনি জানান, নদ-নদীর ভেতর থেকে এভাবে বালি ওঠানো ঠিক নয়। তিনি আবদুর রাজ্জাককে চুক্তিভিত্তিক নিয়োগ করার সত্যতা স্বীকার করেছেন।হানিফ মোল্লার স্ত্রী নাসরিন আক্তার জানান, নদের গতিপথ পরিবর্তন হওয়ায় তাঁদের কেনা জায়গা নদের মধ্যে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এটি ব্যক্তিমালিকানাধীন জায়গা। জমি বিক্রেতা হাসান আলীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁরাও জমি ক্রয়সূত্রে পেয়েছেন। তাঁদের কাগজপত্র আছে। যে কারণে তাঁরা বিক্রি করেছেন। নদের জায়গা দখল ও নদের ভেতর থেকে বালু ওঠানো প্রসঙ্গে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আলী জানান, তিনি খবর পেয়ে পৌরসভা এলাকার তহশিলদার নিশিত কুমারকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন। নিশিত কুমার জানান, তাৎক্ষণিকভাবে তিনি ওই স্থানে গিয়ে দেখেছেন, এটা নদের জায়গা। যে কারণে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জমির মালিকানা তাঁরা কীভাবে দাবি করছেন, তা দেখানোর জন্য কাগজপত্র নিয়ে ভূমি কার্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নদের ভেতর থেকে বালু ওঠানোর কাজ ২৭ ফেব্রুয়ারি বিকেলেই বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।