শৈলকুপায় ছাত্রলীগের নেতার নেতৃত্বে পত্রিকায় আগুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরে গতকাল শুক্রবার বেশ কয়েকটি পত্রিকার কপি পুড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় ক্যাডাররা। এ সময় তাঁরা কয়েকজন সাংবাদিককে শৈলকুপায় অবাঞ্ছিত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে শৈলকুপা কলেজ মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে আমার দেশ, প্রথম আলো, আঞ্চলিক পত্রিকা রানার, স্পন্দনসহ আরও কয়েকটি পত্রিকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁরা সাংবাদিকদের সম্পর্কে নানা কটূক্তি করে ঘোষণা দেন, সাংবাদিকদের যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে। শৈলকুপা শহরে সাংবাদিকদের অবাঞ্ছিতও ঘোষণা করা হয়। পরে তাঁরা শহরে সাংবাদিকদের খুঁজতে থাকেন। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জানান, নিরাপত্তার অভাবে তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না।যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম পত্রিকা পোড়ানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘শহরে এমন কিছু ঘটেছে বলে আমি জানি না। খোঁজ নিয়ে আপনাকে জানাব।’শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তাঁরা এ ধরনের কোনো ঘটনার খবর পাননি। কোনো সাংবাদিক তাঁদের কাছে অভিযোগও করেননি।ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের ভয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা শৈলকুপা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অংশ নিচ্ছেন না। এ কারণে ত্রিবেণী ইউনিয়ন পরিষদের ভবনে ওই সভা আহ্বান করা হয়। কিন্তু নিরাপত্তার আশঙ্কায় সেখানেও যাননি ইউপি চেয়ারম্যানরা। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে কয়েকটি পত্রিকায় আগুন দেওয়া হয়।