শৈলকুপায় দিনমজুর খুন, পটুয়াখালীতে লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক দিনমজুরকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুরের বালুর মাঠ এলাকা থেকে গতকাল সোমবার এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শৈলকুপার সিদ্ধি গ্রামের একটি মাঠে রোববার রাতে মইনুদ্দিন (৪০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়। মইনুদ্দিন ওই গ্রামের একদিল বিশ্বাসের ছেলে। মইনুদ্দিনের ছেলে উজ্জ্বল বিশ্বাস জানান, তাঁর বাবা রোববার সন্ধ্যায় বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। গতকাল সকালে গ্রামের গমখেতে তাঁর লাশ পড়ে থাকার খবর পান।
পটুয়াখালীর টাউন কালিকাপুরের বালুর মাঠ এলাকা থেকে গতকাল সকালে মো. নুরুল্লাহ (১২) নামের এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মির্জাগঞ্জের দেউলি এলাকার জাফর আহমেদের ছেলে নুরুল্লাহ বালুর মাঠ এলাকায় নলকূপ বসানোর কাজে নিয়োজিত ছিল। সকাল সাড়ে আটটার দিকে সেখানে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাজ্জাক শিকদার, সোহেল, মোশাররফ হাওলাদার, রুবেল ও মিন্টু আকনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।