শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ-সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় ১৫টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ দুটি টিয়ার সেল ও ২০টি শটগানের গুলিবর্ষণ করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ব্রমঞ্চপুর ও রতনপুর গ্রামে এই সংঘর্ষ ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতা ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রায়হান উদ্দিন ও আওয়ামী লীগের নেতা জুলফিকার আলী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে দুজনই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ বিরোধের জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের সমর্থকেরা গ্রামে ঢাল, সড়কি, রামদা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একে অপরের বাড়িঘরে হামলা চালিয়ে ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ দুটি টিয়ার সেল ও ২০টি শটগানের গুলিবর্ষণ করে।