শৈলকুপায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০
নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় আওয়ামী লীগের সমর্থক দুজন ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও কর্মীদের মধ্যে গত রোববার সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ দুই চেয়ারম্যান প্রার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শৈলকুপার আবাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক আমজাদ হোসেন মোল্লা ও মোক্তার হোসেন মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এই দুই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে রোববার সকালে হাটফাজিলপুর বাজারে সংঘর্ষ হয়। এরপর ইউনিয়নের পাঁচটি গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় নারীসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। তাঁদের মধ্যে টুটুল মোল্লা, বাকী মোল্লা, সাকী মোল্লা, সবুর মোল্লা, আবদুর রহমানসহ ১১ জনকে ঝিনাইদহ সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার এসআই সুব্রত কুমার বলেন, মোক্তার হোসেন মৃধা তাঁর লাইসেন্স করা শটগান থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। আটটি গুলিসহ তাঁর শটগানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুই প্রার্থীকেই আটক করা হয়েছে। ২৮ জুন শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন হবে।