শৈলকুপায় নিরাপত্তার অভাবে সভায় যাননি চেয়ারম্যানরা
নিরাপত্তাজনিত কারণে শহর ছেড়ে গ্রামে উপজেলা পরিষদের মাসিক সভা আহ্বান করেও তা করতে ব্যর্থ হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা সেখানে যাওয়াও নিরাপদ মনে করেননি। এতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডাকা সভাও স্থগিত করতে বাধ্য হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নায়েব আলী জোয়ার্দার বলেন, একের পর এক উপজেলা সমন্বয় পরিষদের সভা না হওয়ায় গোটা উপজেলার সব উন্নয়নকাজ মুখ থুবড়ে পড়ছে। তিনি বলেন, গত দুই মাসে তাঁরা সভা করতে পারেননি। ইউপি চেয়ারম্যানরা নিরাপত্তার কথা বলায় তাঁরা শহর ছেড়ে গ্রামে সভা করার সিদ্ধান্ত নেন। ১ নম্বর ত্রিবেণী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বেলা তিনটায় এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার চেয়ারম্যানরা জানিয়ে দেন, সেখানেও যাওয়া তাঁরা নিরাপদ মনে করছেন না। এ কারণে সভা স্থগিত করা হয়। শৈলকুপায় ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর অধিকাংশের চেয়ারম্যান বিএনপিদলীয় নেতা বা কর্মী। নাম না প্রকাশ করার শর্তে একাধিক চেয়ারম্যান জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারদলীয় নেতা-কর্মীরা বিরোধী দলের নেতা-কর্মী ইউপি চেয়ারম্যানদের ওপর নানা নির্যাতন শুরু করেন। ইউনিয়ন পরিষদকে পাশ কাটিয়ে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলতে থাকে। এর প্রতিবাদ করায় নির্বাচিত চেয়ারম্যানরা নির্যাতনের শিকার হন। এর মধ্যে ত্রিবেণী ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মোল্লা, হাকিমপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান, আবাইপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান চাঁদ আলীকে শৈলকুপার বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে।