শৈলকুপায় প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক প্রেমিক যুগল একই রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার মালিথিয়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়ির পাশের একটি আমগাছ থেকে গতকাল শনিবার তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।এই প্রেমিক যুগল হচ্ছে উপজেলার প্রতাপনগর গ্রামের নিধির কুমার মণ্ডলের ছেলে অসীম কুমার মণ্ডল (২২) ও মালিথিয়া গ্রামের বীরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে পূর্ণিমা রানী মণ্ডল (১৮)। পূর্ণিমা লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও অসীম মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ জানায়, ওই আমগাছে পূর্ণিমা ও অসীমের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পূর্ণিমা ও অসীমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল বলে এলাকাবাসী জানায়। কিন্তু তাঁদের পরিবার এ প্রেম মেনে না নেওয়ায় তাঁরা একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পূর্ণিমার ভাই দেবব্রত মণ্ডল জানান, অসীম ও পূর্ণিমা একই সঙ্গে লেখাপড়া করত। সেই সুবাদে অসীম প্রায়ই তাঁদের বাড়িতে আসা-যাওয়া করত। তবে অসীম ও পূর্ণিমার কোনো সম্পর্কের কথা তাঁরা জানতেন না। তিনি আরও বলেন, তাদের এই আত্মহত্যার বিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয়। অসীমের কাকা সুধীর কুমার মণ্ডল জানান, শুক্রবার সন্ধ্যায় অসীম তাঁর কাছ থেকে ১০০ টাকা নেয় এবং বাড়ি থেকে বের হয়। এরপর অসীম রাতে আর বাড়ি ফেরেনি। সকালে জানতে পারেন অসীম আত্মহত্যা করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। উল্লেখ, গত ১০ নভেম্বর সদর উপজেলার কুদালীয়া গ্রামের আবদুল মমিন ও শ্রীরামপুর গ্রামের সীমা খাতুন একইভাবে আত্মহত্যা করেন।