শৈলকুপায় বাঁওড়ের মাছে মড়ক, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
বাঁওড়ের পানিতে ভাসছে সাদা সোনা। সোনাগুলোকে যত্ন করে বড় করেছিলেন হালদারেরা। হালদারদের ভাষায়, পানিতে লালন-পালন করা মাছগুলো তাঁদের কাছে সোনা। এই সোনা বিক্রি করেই তাঁরা জীবিকা নির্বাহ করেন। কিন্তু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তাঁদের সেই সোনা, শত শত মণ মাছ মরে পানিতে ভেসে উঠছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর গ্রামে রয়েছে নিত্যানন্দপুর বাঁওড়। ৫৮ একর ৩০ শতকের এই বাঁওড় তিন বছরের জন্য বন্দোবস্ত নিয়েছে নিত্যানন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি। তবে মামলাসংক্রান্ত জটিলতার কারণে ছয় একরের দখল পায়নি। সমিতির সভাপতি কুশিলাল বিশ্বাস জানান, ২১ লাখ টাকা দিয়ে তাঁরা বাঁওড়টি বন্দোবস্ত নিয়েছেন। গত সেপ্টেম্বরে তাঁরা এই বাঁওড়ে মাছ ছাড়েন। নিত্যানন্দপুর গ্রামের ২৫-২৬টি হালদার পরিবারের ৬০ দরিদ্র সদস্য ধারদেনা করে ছয় লাখ টাকা মূল্যের রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির ২০০ মণ মাছের পোনা ছাড়েন। বর্তমানে প্রতিটি মাছের ওজন ৬০০-৭০০ গ্রাম। এই মাছ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৩০ লাখ। মাছ বিক্রি করে ৪২-৪৫ লাখ টাকা পাওয়ার আশা ছিল সমিতির। মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ সরকার জানান, মাছ ধরা শুরুর মুহূর্তে অর্থাৎ গত মঙ্গলবার থেকে হঠাৎ মাছ মরতে শুরু করে। প্রথম দিন একটু কম দেখা দিলেও পরদিন থেকে ব্যাপক হারে মরা মাছ পানিতে ভাসতে থাকে। এলাকার দরিদ্র মানুষ এগুলো ধরে নিয়ে যাচ্ছে। আবার অনেক মাছ পানিতে পচে নষ্ট হচ্ছে। মাছ পচে নষ্ট হওয়ায় বাঁওড়ের পানিও গন্ধ হয়ে গেছে। রথীন্দ্রনাথের ভাষ্যমতে, ইতিমধ্যে ৫০০-৬০০ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁদের ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, বিষয়টি মৎস্য কর্মকর্তাদের অবহিত করা হয় রোববার। কিন্তু তাঁরা এখনো কোনো পদক্ষেপ নেননি। শৈলকুপা মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান জানান, অনেক জায়গায় মাছের এমন মড়ক দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে যেটুকু পলি জমেছিল, হঠাৎ প্রচণ্ড গরমে তাতে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে মাছের এমন মড়ক হতে পারে বলে তিনি জানিয়েছেন।