শৈলকুপায় বাকিতে হাট বাজার ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাট-বাজার ইজারা পেতে দরপত্র চুক্তির এক সপ্তাহের মধ্যে টাকা জমা দিতে হয়। তারপর ইজারাদারেরা মাশুল আদায় শুরু করেন। কিন্তু ঝিনাইদহের শৈলকুপা আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা সেই নিয়ম মানছেন না। স্থানীয়দের অভিযোগ, নেতাদের আত্মীয় হওয়ায় তাদের জন্য ভিন্ন নিয়ম চালু আছে। তাঁরা দরপত্র চুক্তির এক সপ্তাহের মধ্যে টাকা জমা দেন না। হাট-বাজার থেকে মাশুল আদায় করেন। আর নিজেদের খেয়ালখুশিমতো ইজারার টাকা জমা দেন। এতে ইজারা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ইজারাদারের কাছে অনেক টাকা বাকি পড়ে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা ১৪১৬ সনের জন্য ইজারা চুক্তির মেয়াদ শেষ হতে চললেও ইজারাদারের অধিকাংশের এখনো ৩৫-৪৫ শতাংশ টাকা বাকি রয়েছে। পৌরসভা এলাকার হাটগুলোর ১৪১৬ সনের জন্য ৮১ লাখ এক হাজার ৫১৫ টাকা ইজারা চুক্তি হয়। এর মধ্যে এখনো বাকি পড়ে আছে ২৭ লাখ ৩২ হাজার ২১৫ টাকা। বছরের আর মাত্র এক মাস বাকি থাকলেও ইজারাদারেরা এই টাকা পরিশোধ করছেন না। ইতিমধ্যে ১৪১৭ সনের ইজারা দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১১ মার্চ এই দরপত্র দাখিলের তারিখ নির্ধারণ করে পৌর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত বছরের বিপুল পরিমাণ বাকি টাকা আদৌ পরিশোধ হবে কি না, এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পৌর কর্মকর্তারা।পৌরসভার বিভিন্ন খাতাপত্র ঘেঁটে জানা যায়, স্থানীয় পশুহাট ২৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় বরাদ্দ নেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লার ছেলে শাহীন মোল্লা। তিনি এ পর্যন্ত ১৬ লাখ ১০ হাজার টাকা জমা দিয়েছেন। তাঁর এখনো আট লাখ ৪৬ হাজার ২৫০ টাকা বাকি রয়েছে। ধান, পাট ও কলার হাটের ইজারা নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমানের শ্যালক কাশেম মাহমুদ। এই তিনটি হাটের চুক্তির টাকার পরিমাণ ২২ লাখ ২১ হাজার টাকা। এ পর্যন্ত জমা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা, বাকি রয়েছে প্রায় আট লাখ টাকা। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজমের শ্যালক কাজী গোলাম রসুল সাধারণ একটি হাট ১৩ লাখ ২১ হাজার ৬৫১ টাকায় ইজারা নিয়েছেন। এ পর্যন্ত তিনি ছয় লাখ ৫৬ হাজার ৬৫১ টাকা জমা দিলেও বাকি আছে ছয় লাখ ৬৫ হাজার টাকা। এভাবে পেঁয়াজের হাট, মৌসুমি হাট, অন্যান্য হাট বরাদ্দ নেন আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা। তাদের টাকাও সম্পূর্ণ পরিশোধ হয়নি। অথচ টাকা পরিশোধ না করে হাট আদায়ে নামার কোনো বিধান নেই।পৌরসভার কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায়ই তাঁদের বেতন বন্ধ থাকে। স্থানীয়ভাবে বেতনের যে অংশ পৌর কর্তৃপক্ষ দেওয়ার কথা তা দিতে পারে না। এ নিয়ে তাঁরা আন্দোলন করেছেন, এমনকি অফিস ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন। অথচ ইজারাদারেরা মাসের পর মাস টাকা আটকে রেখেছেন।অভিযুক্ত শাহীন মোল্লা প্রথম আলোকে জানান, সবাই এভাবেই ইজারার টাকা পরিশোধ করে। তাই তিনিও দিয়েছেন। বাকি টাকা পরিশোধ করবেন বলে জানান তিনি। কাশেম মাহমুদ জানান, তাঁরা আদায় করছেন, আর জমা দিচ্ছেন। এবার হাট আদায়ের অবস্থা ভালো না হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলো। কাজী গোলাম রসুল বলেন, সরকারের নিয়ম থাকলেও তাঁরা পৌর মেয়র খলিলুর রহমানের সঙ্গে আলাপ করেই এভাবে টাকা জমা দিচ্ছেন।এ ব্যাপারে পৌর মেয়র খলিলুর রহমান জানান, ইজারা চুক্তির সাত দিনের মধ্যে টাকা জমা দেওয়ার বিধান রয়েছে। তিনি অভিযোগ করেন, যাঁরা হাটগুলো ইজারা নিয়েছেন, তাঁরা সময়মতো টাকা দিচ্ছেন না। তাঁরা নানাভাবে তাঁকে ঘুরাচ্ছেন। তিনি জানান, অল্পদিনের মধ্যে তাঁরা টাকা দিয়ে দেবেন বলে তাঁর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। আর নির্দিষ্ট সময়ের বিরুদ্ধে না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আগামী বছরের দরপত্র আহ্বান প্রসঙ্গে মেয়র বলেন, ‘নিয়মানুযায়ী এগিয়ে যেতে হবে।’