শৈলকুপায় বাসের ধাক্কায় ছাত্রমৈত্রী নেতাসহ নিহত ২
ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রমৈত্রীর প্রচার ও প্রকাশনা সম্পাদক, শৈলকুপার যুগিপাড়া গ্রামের ইসাহক আলীর ছেলে তানভীর হক সবুজ (২৫) ও শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তিতাস (২৬)। তাঁরা উভয়ই কলেজছাত্র। গতকাল বুধবার বিকেলে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর থেকে গতকাল বিকেলে সবুজ ও তিতাস মোটরসাইকেলযোগে গাড়াগঞ্জ বাজারের উদ্দেশে বের হন। পথিমধ্যে খুলনা থেকে আসা একটি বাস তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয়েই গুরুতর আহত হন। তাঁদের পার্শ্ববর্তী কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে সবুজ সন্ধ্যার পর মারা যান। তিতাসকে ঢাকায় নেওয়ার পথে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।