শৈলকুপায় বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা
উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন গতকাল বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। দুই দফায় চালানো এসব হামলায় পাঁচজন আহত হন। তাঁদের ঝিনাইদহ সদর ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান অভিযোগ করেন, গতকাল সকালে কবিরপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁর কর্মীদের ওপর প্রথম দফায় হামলা চালানো হয়। এতে দুজন আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে গাড়াগঞ্জ বাজারে প্রচারণা সভার প্রস্তুতি নেওয়ার সময় আবারও হামলা চালান ক্ষমতাসীন দলের সমর্থক ও নেতা-কর্মীরা। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ তিনজন আহত হন। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে।
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এলাকায় ইতিমধ্যে ভোট-সন্ত্রাস শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন বলেন, ‘বিএনপির নেতারা মিথ্যা অভিযোগ করছেন। এটা তাঁদের দলীয় কোন্দলের কারণে ঘটেছে। এখানে আওয়ামী লীগের কেউ জড়িত নন।’
শৈলকুপা ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আদৌ ঠিক নয়।