শৈলকুপায় বোমা হামলা, ছাত্রলীগ নেতাসহ দুইজন আহত
ঝিনাইদহে সন্ত্রাসীদের বোমা হামলায় ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন ও জাহিদুল ইসলাম নামের এক সবজিব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটায় শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের হাজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করেন। তাঁরা বেশ কিছু গাড়িও ভাঙচুর করেন। রাত নয়টা পর্যন্ত এ অবরোধ চলে।অন্যদিকে সদর উপজেলার ডাকবাংলো বাজারে সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীনের ব্যবসাপ্রতিষ্ঠান আলাউদ্দীন টাওয়ারে সন্ত্রাসীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগের নেতা তুহিনকে ইসলামী বিশ্ববিদ্যালয় হাসপাতালে আর জাহিদকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুহিনের বাড়ি একই উপজেলার বসন্তপুর গ্রামে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি ঘটেছে শেখপাড়া বাজারে। তবে তাঁরা বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ শুরু করেছেন। ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম জানান, বোমাবাজদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।