শৈলকুপায় র্যাবের অভিযানে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কদমদি গ্রামে র্যাবের অভিযানে একজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। র্যাব তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় দিতে পারেনি।র্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি শটগান, একটি শ্যুটারগান, দুটি এলজি, দুটি বোমা, ১৫টি গুলি ও বন্দুকের আটটি কার্তুজ উদ্ধার করে।র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজুল হকের ভাষ্যমতে, কদমদি এলাকার এক ব্যক্তির বাড়িতে বৈঠকে সাত-আটজন সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় র্যাব ঘটনাস্থলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় লাশের আশপাশ থেকে ওই সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।