নির্বাচন-পরবর্তী সহিংসতা
শৈলকুপায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ
পৌর নির্বাচনের পরপর ঝিনাইদহের শৈলকুপায় সহিংসতার শিকার সংখ্যালঘুুদের রক্ষায় সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।নির্বাচন-পরবর্তী ওই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বা নির্যাতিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, তা ২৬ জানুয়ারির মধ্যে হাইকোর্টকে জানাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।১৩ জানুয়ারি শৈলকুপায় পৌর নির্বাচন হয়। এরপর সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয় বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর তুলে ধরে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান হাইকোর্টে গতকাল রিট আবেদন করেন।প্রাথমিক শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেন। এলিনা খান নিজে আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন।এলিনা খান প্রথম আলোকে বলেন, শৈলকুপায় নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্যাতিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, তা ২৬ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে।