শৈলকুপায় সংঘর্ষে চার পুলিশসহ আহত ১৪
ঝিনাইদহের শৈলকুপায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে অবরোধকারীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় চার পুলিশ সদস্যসহ ১৪ জন আহত হন।
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবদুল ওহাবের দাবি, ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে সকাল সাড়ে আটটার দিকে একটি মিছিল বের করার চেষ্টা করা হয়। এ জন্য শহরের কবিরপুরে নেতা-কর্মীরা জড়ো হন। নেতা-কর্মীরা মিছিল শুরু করলে পুলিশ গিয়ে বাধা দেয়। এ সময় কর্মীরা ক্ষুব্ধ হয়ে চিত্কার করে প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে ১৮ দলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মিছিলকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা শৈলকুপা অগ্রণী ব্যাংক শাখা ভাঙচুর শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। মিছিলকারীদের ছোড়া ইটে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ, কনস্টেবল রুবেল হোসেন, ছবেদ আলী ও তোতা মিয়া আহত হয়েছেন বলে তিনি জানান।