ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়ার ঘটনায় গত সোমবার আয়ুব হোসেন (৪০) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হন ১৫ জন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দেবতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আরও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের শৈলকুপা, ঝিনাইদহ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, চতুড়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে আয়ুব হোসেনের সঙ্গে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় আয়ুব হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত আয়ুব শৈলকুপা চতুড়া গ্রামের মাহতাব মণ্ডলের ছেলে। তিনি শৈলকুপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুর রহমান ২৭ জনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন।
অপরদিকে শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির খান ও সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা পান্না খানের পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকাল সাতটার দিকে পান্নার লোকজন কয়েকটি মাঠে কাজ করতে গেলে নাসিরের লোকজন হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চতুড়া গ্রামের সামাজিক মাতব্বর আয়ুব হোসেনকে না জানিয়ে তাঁর প্রতিবেশী মোক্তার হোসেন মেয়ের বিয়ে দেওয়ায় আয়ুব ও তাঁর দলবল হামলা চালায়। এরপর মোক্তারের লোকজনও পাল্টা হামলা চালান। এতে আয়ুব আহত হয়ে মারা যান। এ ঘটনায় আবদুল খালেক, আল্লেক হোসেন, বুলু মিয়া ও সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।