শৈলকুপায় সড়ক অবরোধ করে ছাত্র বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় এইচএসসি পরীক্ষার স্থান পরিবর্তন করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজটি এটিসহ চারটি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। অন্য তিনটি প্রতিষ্ঠান হলো শৈলকুপার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ, শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ ও রাহাতুননেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু এবার গাড়াগঞ্জ থেকে ছয় কিলোমিটার দূরের শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে নতুন কেন্দ্র স্থাপন করেছে শিক্ষা বোর্ড। সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে রাহাতুননেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মিঞা জিন্নাহ আলম কলেজের শিক্ষার্থীদের।
মিঞা জিন্নাহ আলম কলেজের শিক্ষার্থী রাব্বুল হোসেন বলে, তাদের কলেজ থেকে কেন্দ্র সরিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি। তাহলে কেন এই পরিবর্তন? শিক্ষা বোর্ডের আকস্মিক এই সিদ্ধান্তে তারা হতাশ হয়েছে। পূর্বের কেন্দ্র বহাল রাখার দাবি জানান তিনি।
শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ দুটির শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড অবরোধ করে। অবরোধ চলাকালে সড়কটির উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে গিয়ে পরীক্ষা দেবে, এটা সরকারের সিদ্ধান্ত। বিষয়টি শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। এরপর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।