শৈলকুপায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গিয়াস উদ্দিন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গিয়াসের বাড়ি শৈলকুপার বারইহুদা গ্রামে। গিয়াস চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের আঞ্চলিক নেতা শুকনাল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন বলে পুলিশের দাবি। বন্দুকযুদ্ধ শেষে পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও একটি ওয়ানশ্যুটার গান এবং তিনটি গুলি উদ্ধার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্যমতে, চরমপন্থী শুকনাল বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত দুইটার দিকে বগুড়া গ্রামের গড়ের মাঠে বৈঠক করছিল। খবর পেয়ে কিছুক্ষণ পর সেখানে হানা দেয় শৈলকুপা থানার পুলিশ। টের পেয়ে চরমপন্থীরা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি শেষ হলে মাঠে চরমপন্থী গিয়াসের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক গিয়াসকে মৃত ঘোষণা করেন।