শৈলকুপায় ‘বন্দুকযুদ্ধে’ শুকনাল বাহিনীর প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরুল ইসলাম ওরফে শুকনাল (৫০) একসময় চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিনি দলের নির্দেশের বাইরেও বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করেন। শাস্তি হিসেবে ১৯৯৫ সালের দিকে তাঁর ডান চোখ তুলে ফেলা হয়, কেটে দেওয়া হয় বাঁ পা। এরপর ভারতে চিকিৎসা শেষে বাড়ি ফিরে শুকনাল গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। ২০০১ সালে নিজ বাহিনী নিয়ে যোগ দেন আরেক চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনে। মাঝেমধ্যে পুলিশের হাতে আটক হলেও প্রতিবন্ধী ও অসহায় বলে প্রতিবারই রক্ষা পেয়েছেন শুকনাল। ছাড়া পেয়ে আবারও শুরু করেছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।শুকনাল গতকাল শনিবার ভোরে ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শৈলকুপা উপজেলার কমলনগর গ্রামের জলভাঙ্গা সেতুসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটারগান, একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করেছে। শুকনালের বাড়ি শৈলকুপার বগুড়া গ্রামে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুকনাল তাঁর সহযোগীদের নিয়ে কমলনগর গ্রামের জলভাঙ্গা সেতুর কাছে বৈঠক করছেন—খবর পেয়ে পুলিশ গতকাল ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলিতে উভয় পক্ষ অন্তত ৫০টি গুলি ছোড়ে। একপর্যায়ে বন্দুকযুদ্ধে থামলে সেতুর পাশে শুকনালের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। ওসি জানান, বন্দুকযুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমাম মোর্তুজা রাজীব ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হয়েছেন। তিনি আরও জানান, শুকনালের বিরুদ্ধে শৈলকুপাসহ বিভিন্ন থানায় চারটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।