শৈলজারঞ্জনের জন্মবার্ষিকীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহচর সংগীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদারের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় ‘চয়নিকা’ নামে একটি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই বাংলার রবীন্দ্রপ্রেমীরা অংশ নেন।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন চয়নিকার কর্ণধার এস বি বিপ্লব। এতে বিশ্বভারতীর সাবেক উপাচার্য সুজিত কুমার বসু, শিক্ষক সুধীর কুমার ঘোষ, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও শৈলজারঞ্জন মজুমদারের ছাত্র আশিস কুমার ভট্টাচার্য, অভিনেত্রী মধুমিতা বসু, সুচন্দা ঘোষ, ঋতশ্রী ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য, পাপিয়া বড়ুয়া প্রমুখ বক্তৃতা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা নেত্রকোনা শহরের থানা রোডে অবস্থিত শৈলজারঞ্জন মজুমদারের বাড়ি এবং মোহনগঞ্জের বাহাম গ্রামে বেদখল হয়ে যাওয়া পৈতৃক বাড়িটি উদ্ধারসহ তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান। পরে শৈলজারঞ্জন মজুমদারের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে এস বি বিপ্লব নির্মিত রবির কিরণে শৈলজারঞ্জন শীর্ষক প্রামাণ্যচিত্রের বিশেষ অংশ প্রদর্শন করা হয়। সবশেষে কলকাতার শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, শৈলজারঞ্জন মজুমদার ১৯০০ সালের ১৯ জুলাই নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩২ সালে বিশ্বভারতীতে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। তাঁকে ১৯৩৯ সালে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ করা হয়। তিনি রবীন্দ্রনাথের তিন শতাধিক গানের স্বরলিপিকার।