শৈশবের খোঁজে প্রাণের স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম l প্রথম আলো
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম l প্রথম আলো

সকাল সাতটার আগেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের বিশাল মাঠ। স্মৃতি হাতড়াতে তাঁরা ছুটে এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। বিদেশ থেকেও ছুটে এসেছেন অনেকে। কেউ যুক্তরাষ্ট্র থেকে, কেউবা এসেছেন যুক্তরাজ্য থেকে। উপলক্ষ, বিদ্যালয় প্রতিষ্ঠার ১৪২ বছর পূর্তি উৎসব ও প্রথম পুনর্মিলনী।
কসউবি (কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়) পুনর্মিলনী-২০১৬ উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, উৎসবে যোগ দিয়েছেন ১৯৫০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬৬টি ব্যাচের ১ হাজার ৮১৯ জন প্রাক্তন শিক্ষার্থী। উৎসবে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সন্তান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শৈশবের খোঁজে এখানে ছুটে এসেছেন, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। স্মৃতির পথে আরেকবার হাঁটতে এসেছেন সবাই।’ তিনি বলেন, ‘উপস্থিত সবাই কোনো না কোনোভাবে এই স্কুলের সঙ্গে জড়িত। আমিই একমাত্র বহিরাগত। তবে আমাকে বাইরের লোক ভাববেন না।’ তিনি আরও বলেন, ‘শিক্ষকেরা হলেন ছাত্রদের প্রথম নায়ক। ছাত্ররা নায়কদের ভুলে না, ভুলতে পারে না। ছাত্ররা সব সময় শিক্ষকদের গল্পই বেশি করে।’
মন্ত্রিপরিষদের সচিব শফিউল আলম বলেন, ‘১৪২ বছরের প্রথম পুনর্মিলনীতে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। যদিও আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম না। আমি উখিয়ার পালং মডেল হাইস্কুলে পড়তাম। ১৯৭২ সালে প্রথম এই বিদ্যালয়ে এসেছিলাম বৃত্তি পরীক্ষা দিতে। তখন বিদ্যালয়ের যে অবকাঠামো দেখেছিলাম, এখনো তা-ই রয়ে গেছে।’ আট বছর পর আরও জাঁকজমকভাবে এ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব পালনের প্রস্তাব দেন মন্ত্রিপরিষদের সচিব।
সকাল নয়টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। ‘শতবর্ষের কোলাহলে-এক সাথে সকলে’ স্লোগানে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এম সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যারিস্টার গোলাম রফিক উদ্দিন মাহমুদ, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক এম সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য এই বিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ মোশাররফ বীর উত্তম খেতাব পেয়েছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, বশির আহমদ, শিক্ষার্থী সুভাষ চন্দ্র দে, স্বপন ভট্টাচার্য, শামশুল আলমসহ অনেকে। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরতে ক্যাম্পাসে শহীদদের স্মৃতিফলক স্থাপন দরকার।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিদ্যালয়ের প্রাক্তন ২৬ জন ছাত্রকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় ১৭ জন শিক্ষককে।
অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণা করেন প্রাক্তন শিক্ষার্থী আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, গবেষক বিশ্বজিৎ সেন, শিক্ষক মিজানুর রহমান, উখিয়ার ব্যবসায়ী ইউনুস চৌধুরী, হোয়াইক্যং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু মুছা চৌধুরী, যুক্তরাষ্ট্রপ্রবাসী মানিক চৌধুরী, রাজনীতিক মাহবুবুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক অছিউর রহমান, আবদুল বাছেত, জাকির হোসেন প্রমুখ।
দুপুর ১২টায় বিদ্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে বিদ্যালয়ে ফিরে আসে। এরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর চলে ‘শতবর্ষের স্পন্দন-প্রত্যাশার প্রজ্ঞাপন’ শীর্ষক ব্যাচভিত্তিক স্মৃতিচারণা। বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হয় স্কুল নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘প্রিয়তমেষু ইশকুলবেলা’। রাত নয়টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনর্মিলনী উদ্যাপন পরিষদের মহাসচিব মোহাম্মদ তারেক।