মানুষের শিক্ষাকাল শুরু হয় জন্মের পর থেকেই। যে শিশু জন্মের পর থেকে ভালো সঙ্গ ও ভালো পরিবেশ পায়, সে পরবর্তী জীবনেও ভালো করে। তাই শৈশব থেকেই শিশুদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি তাঁদের জন্য শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা বিষয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) উদ্যোগে সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক এ সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে ক্রমাগত শিখতে হবে এবং শেখাতে হবে। সেই সঙ্গে শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে দিন দিন সহজবোধ্য ও আধুনিক করতে হবে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিশুবেলা থেকেই এ অধিকার বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই অধিকার থেকে পৃথিবীর অনেক শিশু আজও বঞ্চিত। আর যারা শিক্ষার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে খুব অল্পসংখ্যকই ভালো মানের শিক্ষক ও শিক্ষা উপকরণ পাচ্ছে। এ ছাড়া শিশুদের জন্য যেসব পাঠ্যবই রচনা করা হয়, তাতে শিশুদের মনস্তত্ত্ব প্রাধান্য দেওয়া হয় না। শিশুদের ওপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। ফলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভালরি এ টেইলর। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষক জোয়ান ডেপেলার ও উমেশ শর্মা। সভাপতিত্ব করেন আইইআরের পরিচালক সালমা আখতার। এই সম্মেলন আয়োজনে সহায়তা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল, প্ল্যান বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক এবং সাইট সেভারস ইন্টারন্যাশনাল।