শো ক
মো. শফিকুর রহমান
তরুণ পুলিশ কর্মকর্তা মো. শফিকুর রহমান (৩০) গত মঙ্গলবার বিকেলে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অস্টিওসারকোমা ক্যানসারে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামে। আজ শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
এসএম বদরুদ্দোজা
পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলামের বাবা সমাজসেবক এসএম বদরুদ্দোজা (৮৫) গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
মাসুদ রানা
ঢাকার নিউমার্কেট থানা গণফোরামের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫১) গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার তিনি ঢাকা ক্লাবের সম্মুখে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন। তিনি মা, দুই ভাই, স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
বদরুন্নেছা আক্তার খাতুন
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার বসন্তপুর গ্রামের বদরুন্নেছা আক্তার খাতুন (৯০) গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বদরুন্নেছা আক্তার খাতুন কালের কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ারের মা। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।