শো ক
জয়নুল আবেদীন
সাবেক সাংসদ অ্যাডভোকেট জয়নুল আবেদীন জায়েদী (৭০) গতকাল শনিবার বেলা তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলার্জিজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক। জয়নুল আবেদীন ১৯৭৯ এবং ১৯৯৬ সালে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংসদ ছিলেন। বর্তমানে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আজ রোববার কয়েক দফা জানাজা শেষে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর গ্রামে তাঁর দাফনের কথা রয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।
ম. মনিরউজ্জামান
লালন গবেষক ম. মনিরউজ্জামান (৬৪) গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ম. মনিরউজ্জামান ফকির লালন শাহ ও মীর মশারফ হোসেনের ওপর গবেষণা করতেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি, শিশু একাডেমী কুষ্টিয়া শাখার সাবেক সংগঠক ও লালন একাডেমির সহসভাপতি ছিলেন। কুষ্টিয়া অফিস।