শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আলী সরকার
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী শাহ আলী সরকার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়ায় নিজ জন্মভূমিতে সোমবার রাত সোয়া আটটার দিকে বাড়ির পাশের বাজারে চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। উপজেলার মাইজবাড়ী হাইস্কুল মাঠে গত মঙ্গলবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে বগুড়ার শাহজাহানপুর থানার বাশবাড়িয়া রাজবাড়ী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।

লুৎফুন নাহার চৌধুরানী
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামের জিএম মীর হোসেন মীরুর মা লুৎফুন নাহার চৌধুরানী (৯০) গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আট ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

নুরুল করিম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর বাবা আলহাজ নুরুল করিম চৌধুরী (৮৩) গত মঙ্গলবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর পটিয়ার শোভনদন্ডি আলফা করিম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নবাব স্যার সলিমুল্লাহ
উপমহাদেশে মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি কমিটি আজ সকাল সাড়ে ১০টায় বেগম বাজারে মরহুমের কবর চত্বরে ফাতেহা পাঠ, কোরআন খানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।
এতে শরিক হতে কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।