শো ক
কে এইচ রশীদুজ্জামান
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সাংসদ কে এইচ রশীদুজ্জামান (৭৩) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় তাঁর প্রথম জানাজা হবে। পরে বেলা দুইটায় কুষ্টিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এফবিসিসিআইয়ের নেতারা শোক প্রকাশ করেন। কুষ্টিয়া অফিস।
কাজী মাহমুদ হাসান
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের গাজীপুর জেলার সভাপতি কাজী মাহমুদ হাসান (৬৮) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্বজনেরা দেশের বাইরে থাকায় তাৎক্ষণিক জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়নি। গাজীপুর প্রতিনিধি।
আবাইন প্রু চৌধুরী
বান্দরবান বোমাং সার্কেলের রানি আবাইন প্রু চৌধুরী (৮৯) গতকাল বুধবার ভোরে পরলোকগমন করেছেন। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আবাইন প্রু চৌধুরী বান্দরবান বোমাং সার্কেলের ১৫তম রাজা প্রয়াত অংশৈ প্রু চৌধুরীর স্ত্রী। ১০ ফেব্রুয়ারি রানির মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বান্দরবান প্রতিনিধি।
এম এ হাই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পোস্ট গ্র্যাজুয়েশন মেডিসিনের সাবেক ডিন এম এ হাই গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। কুলখানি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি ধানমন্ডির নিজ বাসভবনে। বিজ্ঞপ্তি।
ইকবাল-ঈ-আলম কামাল
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার চেয়ারম্যান ইকবাল-ঈ-আলম কামাল গত সোমবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।